শিরোনাম

এবার বিয়ে ও সামাজিক অনুষ্ঠান নিয়ে সরকারের কঠোর সিদ্ধান্ত

চ্যানেল টেন ডেস্কঃ

দেশে বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে বিয়েসহ কোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী রোববার থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস নতুন সময়সূচি অনুযায়ী চলবে। নতুন নিয়ম অনুযায়ী, অফিস শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে বিকেল ৪টায়। অর্থাৎ অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে সাত ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই পরিবর্তন কার্যকর হবে। আগামী রোববার থেকে ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচির বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এই বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত জানানো হবে বলে জানান সচিব।

জ্বালানি সাশ্রয়ের কৌশল হিসেবে সামাজিক অনুষ্ঠানের আলোকসজ্জার ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব স্পষ্ট করে বলেন, বিয়েবাড়ি বা অন্য কোনো সামাজিক উৎসবে আলোকসজ্জা করা যাবে না। এছাড়া বিদ্যুৎ ব্যবহার কমাতে সন্ধ্যা ৬টার পর থেকে সব ধরনের শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তগুলো কঠোরভাবে পর্যবেক্ষণের ইঙ্গিত দিয়ে সচিব আরও জানান, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ জ্বালানি পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয় এখন সময়ের দাবি। রোববার থেকেই সারা দেশে এই নতুন নির্দেশনাগুলো কার্যকর হতে যাচ্ছে।

No comments