নেতার চেহারা নয়, ন্যায়-ইনসাফ ও সুশাসনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান: বগুড়ায় সারজিস আলম
বগুড়া প্রতিনিধিঃ
নেতার চেহারা দেখে নয়, বরং ন্যায়-ইনসাফ ও সুশাসনের ভিত্তিতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
৪১ বগুড়া সদর ৬ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক গণসমাবেশে তিনি ভোটারদের ব্যক্তি নয়, নীতি দেখে ভোট দেওয়ার আহ্বান জানান।
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের খোকন পার্কে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আবেগ বা বড় নেতার চেহারা দেখে ভোট দিলে জনগণ কাঙ্ক্ষিত ফল পায় না। দেশের উন্নয়ন কোনো একক নেতার ওপর নির্ভর করে না।
কোনো জনপ্রতিনিধি বড় বাজেট এনে তার অর্ধেক লুটপাট করলে সেই নেতৃত্বের কোনো মূল্য নেই।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অনেকটাই বাস্তবায়ন হচ্ছে না। সংবিধান সংস্কার ও দুর্নীতি দমন কমিশনসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, একজন এমপি বা মন্ত্রী থাকলেও এলাকায় যদি নিয়মিত খুন-খারাবি ঘটে, তাহলে সেই নেতৃত্ব জনগণের কোনো উপকারে আসে না।
ভোট কেনাবেচার সমালোচনা করে তিনি বলেন, ৫০০ বা ১০০০ টাকার বিনিময়ে ভোট বিক্রি করলে জনগণকে পরবর্তী পাঁচ বছর তার মূল্য দিতে হয়। এতে মৌলিক অধিকারও ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, “আমাদের এই লড়াই জুলুম ও জালিমের বিরুদ্ধে, দুর্নীতি ও ইনসাফের মধ্যে।” এ সময় দলীয়করণ, স্বজনপ্রীতি ও ব্যক্তিপ্রীতির বাইরে গিয়ে সৎ ও ন্যায়পরায়ণ প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে ইনসাফ প্রতিষ্ঠার প্রতীক হিসেবে ‘ট্রাক’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানান সারজিস আলম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাহমুদা আলম (মিতু), সদস্য সচিব, জাতীয় নারী শক্তি ও যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল), এনসিপি। এছাড়াও জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

No comments