জাতীয় ঐক্য সৃষ্টি করুন, দিল্লীর কথায় বিভক্তি নয়: বগুড়ায় মিয়া গোলাম পরওয়ার
বগুড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।
তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার গঠন করে দেশে রাজনৈতিক সংকট তৈরি করেছে এবং গণভোটের রায় উপেক্ষা করে জনগণের সাথে প্রতারণা করছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বগুড়া-৬ আসনের উপনির্বাচন উপলক্ষে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জুলাই আন্দোলনে শহীদ ও আহতরা একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলেন।
কিন্তু সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।” তিনি আরও বলেন, “জাতীয় ঐক্য গড়ে তুলুন, দিল্লীর কথায় দেশের ভেতরে বিভেদ সৃষ্টি করবেন না।”
মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ার পরও সরকার তা অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। “যে ৫ কোটি মানুষ গণভোটে অংশ নিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছেন, তাদের সেই ম্যান্ডেট নস্যাৎ করার চেষ্টা চলছে,” বলেন তিনি।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সংসদে দাবি আদায় না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য করা হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “বিএনপি গণভোটের রায় অস্বীকার করে শুধু ভোটারদের অসম্মানই করছে না, নিজেদের ৩১ দফার সঙ্গেও প্রতারণা করছে।”
তিনি অভিযোগ করেন, সরকার বিশ্ববিদ্যালয় গুলোতে দলীয়করণ করছে এবং অর্থনীতিতে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে ক্ষতি করছে।
তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে ভোটারদের নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

No comments