অবশেষে প্রকাশ্যে এলেন প্রসিকিউটরদের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগকারী
চ্যানেল টেন ডেস্কঃ
প্রথমবার ট্রাইব্যুনালে এলেন প্রসিকিউটরদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ আনা ব্যারিস্টার রিজওয়ানা ইউসুফ। রোববার (১২ এপ্রিল) সকালে ফজলে করিম চৌধুরীর সাবেক এই স্ত্রী ট্রাইব্যুনালে আসেন। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
সকাল থেকেই সাংবাদিকদের সঙ্গে লুকোচুরি খেলেন তিনি। তবে শেষ পর্যন্ত গেট দিয়ে বের হওয়ার সময় রাস্তায় থাকা সাংবাদিকদের দেখে মুখে কুলুপ আটেন। এ সময় তদন্ত প্রতিবেদন মেনে নেওয়ার প্রসঙ্গেও কথা বলতে রাজি হননি ফজলে করিম চৌধুরীর সাবেক এই স্ত্রী।
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় কারাগারে থাকা চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর আইনজীবী রিজওয়ানা ইউসুফের সঙ্গে কোটি টাকা ঘুষের বিনিময়ে জামিন করানোর বিষয়ে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। এক মিনিট ৩৬ সেকেন্ড এবং তিন মিনিট ৪২ সেকেন্ডের দুটি কল রেকর্ডে আর্থিক লেনদেনের পাশাপাশি প্রসিকিউটর তারেক আবদুল্লাহ, আবদুল্লাহ আল নোমান, মইনুল করিম ও তানভীর হাসান জোহার নামও উঠে আসে। ঘুষের এই টাকা কয়েক কিস্তিতে পরিশোধের পরিকল্পনা করা হয়।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর ২০২৪ সালের ৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান সাইমুম। তার স্ত্রী একজন সেনা কর্মকর্তা।
বিষয়টি জানাজানি হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে সব প্রসিকিউটরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন চিফ প্রসিকিউটর। বৈঠকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রসিকিউটরদের দায়িত্ব পালনে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। এ ছাড়া এই মামলার বিষয়ে খোঁজখবর নিতে সংশ্লিষ্ট আইন কর্মকর্তাকে ফোন করেন তিনি।
No comments