শিরোনাম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন

চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকাল আটটার দিকে উপজেলার সি ব্লক এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেল’ নামের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান।

খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির একটি অংশ পুড়ে গেছে। বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

No comments