পোপের যুদ্ধবিরোধী মন্তব্য ক্ষুব্ধ ট্রাম্প, বললেন ‘নিজেকে ঘুছিয়ে নিন’
ইরান ইস্যু ও বৈদেশিক নীতি নিয়ে পোপ লিও-র কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপের সাম্প্রতিক কিছু মন্তব্য ও ট্রাম্প প্রশাসনের প্রতি তার অবস্থানের পরিপ্রেক্ষিতে একটি দীর্ঘ পোস্টে এই ক্ষোভ উগরে দেন তিনি।
ট্রাম্প অভিযোগ করেন, ইরান এবং বৈদেশিক নীতির প্রশ্নে পোপ অত্যন্ত ‘দুর্বল’ অবস্থান গ্রহণ করেছেন। তিনি বলেন, ‘আমি এমন কোনো পোপ চাই না যিনি মনে করেন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকাটা ঠিক আছে।’ পোপের বিশ্বজনীন অবস্থান ও দৃষ্টিভঙ্গিকে ‘ভ্রান্ত’ বলেও অভিহিত করেন তিনি।
পোপ লিও-র সমালোচনা করে ট্রাম্প আরো বলেন, পোপ অপরাধ দমনে ব্যর্থ এবং বৈদেশিক নীতির ক্ষেত্রেও তিনি ভয়াবহ। ট্রাম্প প্রশাসনের ব্যাপারে পোপের ‘ভীতি’-সংক্রান্ত মন্তব্যেরও কঠোর নিন্দা জানান মার্কিন প্রেসিডেন্ট।
ক্যাথলিক চার্চের অভ্যন্তরীণ বিষয়ে ইঙ্গিত দিয়ে ট্রাম্প দাবি করেন, পোপের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে চার্চ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি পরামর্শ দিয়ে বলেন, পোপের উচিত রাজনীতিবিদ না হয়ে একজন মহান পোপ হওয়ার দিকে মনোনিবেশ করা।
মূলত পোপ লিও সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, যা দুই নেতার মধ্যে এই বাগযুদ্ধ তৈরি করেছে। সূত্র : ইরান ইন্টারন্যাশনাল
No comments