শিরোনাম

বগুড়ার কাহালুতে আগুনে পুড়ে যাওয়া শিশুর পাশে মানবতার হাত বাড়াল কলেজ শিক্ষার্থীরা

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া জেলার কাহালু উপজেলার সাকোহালী গ্রামের ৩ বছর বয়সী শিশু রাইশা মনি গ্যাস লাইট নিয়ে খেলতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

গত ২৮ মার্চ, শনিবার, বিকেল আনুমানিক ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাটি দেখতে পেয়ে শিশুটির বাবা রবিউল দ্রুত তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, শিশুটির শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার উন্নত চিকিৎসার জন্য ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে সেই চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

এমন পরিস্থিতির কথা জানতে পেরে কাহালু সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী মানবিক দায়িত্ববোধ থেকে তাৎক্ষণিকভাবে সহায়তা সংগ্রহের উদ্যোগ নেন। অল্প সময়ের মধ্যেই, মাত্র দুই ঘণ্টায় তারা প্রায় ৮ হাজার টাকা সংগ্রহ করে বিকাশের মাধ্যমে শিশুটির পরিবারের কাছে পৌঁছে দেন।

এই মানবিক কার্যক্রমে কাহালু সরকারি কলেজের পাশাপাশি কাহালু সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীরাও আন্তরিকভাবে অংশগ্রহণ করেন।

স্থানীয় সচেতন মহল শিক্ষার্থীদের এ ধরনের মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন এবং শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

মোঃ আব্দুর রহিম রিফাত 

চ্যানেল টেন, বগুড়া । 

মোবাঃ ০১৭৪০-২৯৮৭৫৮

No comments