শিরোনাম

বরগুনায় প্যান্ডেল সাজিয়ে ছাত্রলীগের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত



চ্যানেল টেন ডেস্কঃ

বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আয়োজনে প্যান্ডেল সাজিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে এই অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

রোববার (২২ মার্চ) দুপুরে সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে জেলা বিএনপির দাবি, প্রশাসনের গোপন সহায়তায় নিষিদ্ধ সংগঠন এমন কর্মসূচি করেছে।

রোববার রাত ১০টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা তার ফেসবুকে ওই পূর্ণমিলনী অনুষ্ঠানের ৪ মিনিটের একটি ভিডিও আপলোড করেন। ক্যাপশনে তিনি লেখেন, দীর্ঘদিন পরে আজ নিজ জেলায়। আজ ঈদের ২য় দিন বরগুনা জেলার বেতাগী উপজেলা ছাত্রলীগের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে... ধন্যবাদ তোমাদের সবাইকে।

ওই ভিডিওতে দেখা যায়, প্যান্ডেল করে চেয়ার-টেবিল সাজিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের খাবারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা।

তিনি তার বক্তব্যে বলেন, উপস্থিত বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন, সাধারণ সম্পাদক সিফাত শিকদার ও সংগ্রামী নেতাকর্মী আমাদের ঈদ সেই দিন হবে, যেদিন আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে পারব। তার ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করছে।

এ অনুষ্ঠানে মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য দেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির। তিনি বলেন, এখানে উপস্থিত সকল নেতাকর্মীদের বেতাগীবাসীর পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

এছাড়া মুঠোফোনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান। তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

এ সময় মুঠোফোনে আরও বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান। তিনি বলেন, বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে বেতাগী উপজেলাকে সারা বাংলাদেশে আলোচিত করে রেখেছেন। আপনাদের সংগ্রামী শুভেচ্ছা।

খোঁজ নিয়ে জানা যায়, ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রোববার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্যান্ডেল সাজিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করেন বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন ও সাধারণ সম্পাদক সিফাত শিকদার। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বেতাগী পৌর ছাত্রলীগসহ উপজেলার ৭টি ইউনিয়নের ৫ শতাধিক নেতাকর্মী।

ওই দিন দুপুর ১২টা থেকে বিকিল ৪টা পর্যন্ত অনুষ্ঠানটি চলে। এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, দীর্ঘদিন নেতাকর্মীদের নিয়ে একসাথে বসা হয়নি। তাই তাদের উজ্জীবিত করতে বেতাগী উপজেলা ছাত্রলীগ এই ঈদ পূর্ণমিলনীর আয়োজন করেছে। এমন পরিস্থিতির মধ্যেও এ আয়োজন করায় তাদের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এমন কর্মকাণ্ডকে প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন। তিনি বলেন, এই পূর্ণমিলনী অনুষ্ঠানের পেছনে প্রশাসনের কারসাজি আছে, অথবা তাদের গোপন সহযোগিতা রয়েছে। না হলে একটি নিষিদ্ধ সংগঠন দীর্ঘ সময় ধরে এমন অনুষ্ঠান কীভাবে করে। এই বিষয়টি গুরুত্ব সহকারে আমরা দলীয়ভাবে খতিয়ে দেখব।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল আহমেদ পূর্ণমিলনী অনুষ্ঠানের বিষয়টি অস্বীকার করে বলেন, এটি একটি পুরোনো ভিডিও, যা নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে।

No comments