বগুড়ার নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত শিশু
চ্যানেল টেন ডেস্কঃ
গাবতলী উপজেলায় নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহিমা খাতুন (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার আট বছর বয়সী মেয়ে ফাহমিদা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে গাবতলী পৌরসভা এলাকার সারিয়াকান্দি সড়কের জয়ভোগা গ্রামের চা-বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিমা খাতুন গাবতলী উপজেলার তরফ ভাইখা গ্রামের মিল্টনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ফাহিমা খাতুন স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মা ও মেয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে ফাহিমা খাতুন মারা যান। তার মেয়ে ফাহমিদা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গাবতলী মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, দুর্ঘটনার পরপরই নছিমনের চালক যানটি ফেলে পালিয়ে যান। নছিমনটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
সূত্র: আজকের পত্রিকা
No comments