শিরোনাম

ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেবে না অস্ট্রেলিয়া


চ্যানেল টেন ডেস্কঃ

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা ক্যানবেরার নেই। সোমবার দেশটির 'নাইন নিউজ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অস্ট্রেলিয়ার এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

পেনি ওয়ং বলেন, “আমরা এই হামলায় অংশ নেইনি এবং ভবিষ্যতেও অংশ নেব বলে আমরা মনে করি না।” তার এই বক্তব্যের মাধ্যমে ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক সংঘর্ষে জড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে অস্ট্রেলিয়া।

উল্লেখ্য যে, ইরানের সাথে অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্ক বেশ আগে থেকেই উত্তেজনাপূর্ণ। ২০২৫ সালে সিডনি এবং মেলবোর্নে ইহুদি-বিরোধী অগ্নিসংযোগের ঘটনার জন্য ইরানি রেভল্যুশনারি গার্ডকে দায়ী করে ক্যানবেরা। সেই অভিযোগে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কারও করা হয়েছিল। যদিও তেহরান এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে।

অতীতের দিকে তাকালে দেখা যায়, ২০০৩ সালে ইরাক যুদ্ধের মতো অনেক মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে অস্ট্রেলিয়া সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে না যাওয়ার এই সিদ্ধান্ত দেশটির পররাষ্ট্রনীতির একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

No comments