হিজবুল্লাহর রকেট হামলার পর বৈরুতে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল
চ্যানেল টেন ডেস্কঃ
ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের বৈরুতে বোমা হামলা চালিয়েছে। উত্তর ইসরায়েলের হাইফার নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার পর এই পদক্ষেপ নিল ইসরায়েল। সোমবার (২ মার্চ) সকালে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
এর আগে লেবানিজ গোষ্ঠীটি (হিজবুল্লাহ) সোমবার ভোরে জানিয়েছে যে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই তারা এই হামলা চালিয়েছে। তারা আরও উল্লেখ করেছে যে, লেবানন ও তার জনগণকে রক্ষা করতে এবং বারবার ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে এই আক্রমণ করা হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, রাজধানী বৈরুতের বেশ কয়েকটি এলাকাতেও ইসরায়েলি বিমান হামলা চালাচ্ছে।
গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালেও দুদিন কোনো কিছু করেনি হিজবুল্লাহ। তবে সোমবার ভোরে হামলা চালিয়েছে তারা। এরপর লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েলের দখলদার বাহিনী। এই ক্রমবর্ধমান উত্তেজনা লেবাননের সংকটকে আরও ঘনীভূত করতে পারে, দেশটি বিগত কয়েক বছর ধরে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে।
যদিও ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহ ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তবে ইসরায়েল সেই চুক্তি লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।
গত বছর লেবানন সরকার হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের লক্ষ্যে একটি ডিক্রি জারি করলেও গোষ্ঠীটি তা প্রত্যাখ্যান করে। তাদের দাবি, ইসরায়েলি সম্প্রসারণবাদ থেকে দেশকে রক্ষা করার জন্য এই অস্ত্রের প্রয়োজনীয়তা অপরিহার্য।
No comments