৩ জাহাজ নিয়ে বেকায়দায় ইরান, শ্রীলঙ্কার কাছে সাহায্য প্রার্থনা
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অসম যুদ্ধের সপ্তম দিনে তেহরানের তিনটি জাহাজের বেকায়দায় পড়ার খবর পাওয়া গেছে। নৌযানগুলো এরইমধ্যে শ্রীলঙ্কায় নোঙর করার জন্য আবেদন করেছে ইরান।
শ্রীলঙ্কার রাষ্ট্রীয় বার্তায় বলা হয়, তিনটি ইরানি জাহাজ ৯ ও ১৩ মার্চ শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বলে জানিয়েছের শ্রীলঙ্কান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।
তিনি জানান, ইরানি সরকার গত ২৬ ফেব্রুয়ারি সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে এ সফরের জন্য শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিল।
তিনি আরও উল্লেখ করেন, জাহাজগুলো শ্রীলঙ্কার জলসীমার কাছে অবস্থান করছিল এবং মানবিক অনুরোধে জাহাজের দু’জন কর্মকর্তাকে দেশে আনা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে অনুষ্ঠিত বিশেষ সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট দিসানায়েকে বলেন, চলমান বা ভবিষ্যতের কোনো আন্তর্জাতিক সংঘাতে শ্রীলঙ্কার ভূখণ্ড, সমুদ্রসীমা কিংবা আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না।
দিসানায়েকে সংবাদ সম্মেলনে জানান, আইআরআইএস বুশেহর নামের একটি ইরানি জাহাজ কলম্বো বন্দরের কাছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় নোঙর করা আছে।
তিনি জানান, জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছে এবং জাহাজের ক্রুদের উদ্ধার করে তীরে আনা হয়েছে।
তিনি আরও বলেন, শ্রীলঙ্কায় ইরানি দূতাবাস ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে আলোচনার পর ক্রুদের উদ্ধারের সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট জাহাজের অধিনায়ক।

No comments