শিরোনাম

বগুড়ায় জুলাই যোদ্ধাকে না পেয়ে মাকে কুপিয়ে জখম: প্রতিবাদে মানববন্ধন

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলায় হানিফ রহমান সাফি নামে এক জুলাই যোদ্ধাকে না পেয়ে তার মা হোসনে আরা বেগমকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। 

শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাবতলী থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা মোখলেছার রহমান (৫৮) গত ৪ মার্চ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, তার ছেলে হানিফ রহমান সাফিকে হত্যার উদ্দেশ্যে গত ৩ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে হোসেনপুর স্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে হামলা চালানো হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় সাফি প্রাণে রক্ষা পেলেও তার বাম পায়ের গোড়ালিতে গুরুতর জখম হয় এবং সেখানে তিনটি সেলাই দিতে হয়। হামলাকারীরা তার মোটরসাইকেল নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করে।

এজাহারে আরও বলা হয়, পরদিন ৪ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ দলবদ্ধভাবে সাফিদের বাড়ির পূর্বপাশের রাস্তায় অবস্থান নেয়। এ সময় সাফিকে না পেয়ে তার মা হোসনে আরা বেগম (৪০) বাড়ি থেকে বের হলে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জুলাই যোদ্ধা কামরুল, হানিফ রহমান সাফি, আজমল হোসেন বাবু ও সোমা আক্তার।

বক্তারা অভিযোগ করেন, গাবতলী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ মেম্বারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

বক্তারা বলেন, একজন জুলাই যোদ্ধাকে না পেয়ে তার মায়ের ওপর হামলা চালানো অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

No comments