বগুড়ায় প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, থানায় মামলা: ৮ ছাত্রদল নেতা বহিষ্কার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় প্রকাশ্যে এক যুবককে ঘিরে লোহার রড, বাঁশের লাঠি ও ধারালো বার্মিজ চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা ও পৌর ছাত্রদলের ৮ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বগুড়া জেলা ছাত্রদল।
এজাহার সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার মাঝগ্রাম (পুরাতন রেজিস্ট্রি অফিস) এলাকার বাসিন্দা ফিরোজা বেগম (৪৮) তার ছেলে ফিরোজ আহমেদ শাকিল (২৪)-এর ওপর হামলার অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করেন।
অভিযোগে বলা হয়, পূর্ব বিরোধের জেরে গত ১ মার্চ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন একটি সেলুনের দোকানের সামনে শাকিলকে পরিকল্পিতভাবে ঘিরে ধরে অভিযুক্তরা।
এজাহারে উল্লেখ করা হয়, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিব হাসান পলিন (২৯), এনামুল (২৭), সাজু (২৮), শাকিল (২৪), আফিফ (২৩), বাপ্পী (২৭), সুজন (২৭), রবিউল (২৫) ও সাগর (২৬)সহ অজ্ঞাত আরও ৮–১০ জন দেশীয় অস্ত্র নিয়ে শাকিলকে চারদিক থেকে ঘিরে ফেলে।
একপর্যায়ে তারা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। অভিযোগ রয়েছে, প্রধান আসামি রাকিব হাসান পলিন তার হাতে থাকা ধারালো বার্মিজ চাকু দিয়ে শাকিলের বাম পায়ের রানে উপর্যুপরি আঘাত করেন।
শাকিলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
এ বিষয়ে ভুক্তভোগীর মা ফিরোজা বেগম বলেন,
“আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
এদিকে ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়া জেলা ছাত্রদল নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের ৮ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।
বহিষ্কৃতরা হলেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সদস্য আব্দুল্লাহ আল শাকিল, আসিফ এবং নন্দীগ্রাম পৌর ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
৬ মার্চ রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে সংগঠনটির অফিসিয়াল প্যাডে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,“ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।” আসামীদের দ্রুত গ্রেফতার করতে চেষ্টা চলছে।

No comments