শিরোনাম

উন্নয়নকে টেকসই করতে হলে জাতির মূল্যবোধ ও সংস্কৃতির উন্নয়ন জরুরি বগুড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বগুড়া প্রতিনিধিঃ

উন্নয়নকে টেকসই করতে হলে জাতির মূল্যবোধ ও সংস্কৃতির উন্নয়ন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টায় বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জবাবদিহিতার সংস্কৃতি শুধু রাষ্ট্রের ক্ষেত্রেই নয়, পারিবারিক ও ব্যক্তিগত পর্যায়েও চর্চা করা প্রয়োজন। প্রতিটি নাগরিককে জবাবদিহিতার আওতায় আসতে হবে। তিনি বলেন, দেশে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, শুধু মেগা প্রকল্প বা অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতি দীর্ঘমেয়াদে এগিয়ে যেতে পারে না। উন্নয়নকে টেকসই করতে হলে জাতির মূল্যবোধ ও সংস্কৃতির উন্নয়ন অপরিহার্য। মূল্যবোধহীন রাজনৈতিক সংস্কৃতি শেষ পর্যন্ত আত্মঘাতী হয়ে ওঠে বলেও সতর্ক করেন তিনি।

সাংবাদিকতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি জ্ঞান ও মেধাভিত্তিক পেশা। এটি কোনো সাধারণ ব্যবসা বা উদ্যোক্তা কার্যক্রম নয়। এই পেশায় নিয়োজিত মানুষের আর্থিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

তিনি জানান, সাংবাদিকদের অধিকার ও মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরও শক্তিশালী করা হবে এবং এর আর্থিক পরিধি বৃদ্ধি করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছির (জামাল)।

বক্তব্য শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা উপস্থিত সাংবাদিকদের হাতে কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করেন।

No comments