শিরোনাম

বগুড়া-২ (শিবগঞ্জ): রায়নগরের জনপদে ধানের শীষের জোয়ার, গণসংযোগ-উঠান বৈঠকে জনতার ঢল

বগুড়া প্রতিনিধি

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের রায়নগর ইউনিয়নে ধানের শীষ মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ ও একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম।

রায়নগর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর, দৌলতপুর, ঘাগুরদুয়ার, নিমারপাড়া, মহাস্থানগড় এবং পৌরসভার মীরেরচক এলাকায় আয়োজিত উঠান বৈঠকগুলোতে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। প্রতিটি উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং অনেক স্থানে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ ও স্থানীয় সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় গ্রামাঞ্চলের সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে সিক্ত হন মীর শাহে আলম।

No comments