বগুড়ায় জামায়াত নেতার বাড়িতে অগ্নিকাণ্ড:ফায়ার সার্ভিস বলছে শর্ট সার্কিট
বগুড়ায় দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ অফিস উদ্বোধনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে জামায়াত নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে। তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে একে বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত আগুন বলে জানিয়েছে।
ঘটনাটি ঘটেছে বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ বাজার এলাকায়।
অভিযোগ অনুযায়ী, নেপালতলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলমগীর হোসেনের বাড়িতে গভীর রাতে আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বুরুজ বাজার এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের একটি গণসংযোগ অফিস উদ্বোধন করা হয়। এর পরপরই এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়।
এ উত্তেজনার ধারাবাহিকতায় গভীর রাতে একদল দুর্বৃত্ত আলমগীরের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে তার স্বজন ও সমর্থকদের দাবি।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হামলা এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে গাবতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. নাসিম ইকবাল জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রাথমিক তদন্তে আগুনের সূত্র বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, রাত আনুমানিক ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্ত ছাড়া আগুনের প্রকৃত কারণ বা জড়িতদের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
No comments