ঢাকায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১৬
রাজধানীর মিরপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের অন্তত ১৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। কয়েকজনকে মসজিদের ভেতরে আটকে রাখার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মাগরিবের নামাজের পর মিরপুর পীরের বাগ আল মোবারক মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
ডিএমপির মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, মাগরিবের নামাজের পর জামায়াত ইসলামী ও বিএনপির দুই পক্ষের মধ্যে ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য সংগ্রহ ও স্লোগান দেওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে অবস্থান করছেন।
এদিকে মিরপুর জামায়াতের নেতা রাকিবুল ইসলাম অভিযোগ করে জানান, মিরপুর আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় মহিলা জামায়াতের একটি বৈঠক চলছিল। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই বাসায় প্রবেশ করে বিকেল তিনটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত নারী নেত্রীদের আটকে রেখে নির্যাতন করে।
পরে তাদের উদ্ধারে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা এগিয়ে গেলে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এতে বেশ কয়েকজন আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আটকে থাকা নারী নেতাকর্মীদের উদ্ধার করা হয়।

No comments