শিরোনাম

তবে কি এরপর মার্কিন যুদ্ধক্ষেত্র ইরান

 

চ্যানেল টেন ডেস্ক ঃ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র অপহরণ করার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতি কড়া বার্তা দেন ইসরায়েলি রাজনীতিবিদ ইয়াইর লাপিদ। তিনি বলেন, ভেনেজুয়েলায় যা ঘটছে, তা তেহরানের গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত। বিশ্লেষকদের মতে, এ ঘটনাপ্রবাহ ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।

ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের (এনআইএসি) প্রেসিডেন্ট জামাল আবদি বলেন, ‘এক ধরনের নতুন আইনহীনতা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে এবং যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে।’

মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার এ ঘটনায় ইরানের মিত্রদের নিয়ে তৈরি করা ছোট নেটওয়ার্কটি আরও সংকুচিত হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সিরিয়ায় নেতা বাশার আল-আসাদের পতন এবং লেবাননে হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এটি এমনিতে ছোট হয়ে এসেছিল। আবদির মতে, ট্রাম্প যদি ‘নিশানাভিত্তিক হস্তক্ষেপের’ মাধ্যমে শাসনব্যবস্থা পরিবর্তনের ধারণায় মুগ্ধ হয়ে পড়েন কিংবা একই ধরনের পদক্ষেপের জন্য নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন দেন, তাহলে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের জন্য চাপ দেওয়া ব্যক্তিদের অনেকে উৎসাহিত হবেন। জামাল আবদির ধারণা, মাদুরোকে অপহরণের ঘটনা কেন্দ্র করে ইরান বিভিন্ন সামরিক তৎপরতা শুরু করতে পারে। এর মধ্যে থাকতে পারে—নিজেদের সামরিক প্রতিরোধক্ষমতা গড়ে তোলা কিংবা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য হামলার আগেই আগাম আঘাত হানা।

সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মোর্তাজাভি আলজাজিরাকে বলেন, ‘তেহরানের বিষয়ে আমি যা দেখছি ও শুনছি, তাতে বোঝা যাচ্ছে, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় যেতে আগ্রহী নয়। কারণ, ট্রাম্প প্রশাসনের ইঙ্গিত হলো, তারা পুরোপুরি আত্মসমর্পণ চায়।’ মোর্তাজাভি আরও বলেন, ‘এ মুহূর্তে কূটনীতির সুযোগ খুবই কম। আর সেটাই আমাদের উল্টো পথে ঠেলে দিচ্ছে। আর তা হলো সংঘাতের পথ। এখন ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্র—তিন পক্ষই সম্ভাব্য সংঘাতের পথে এগোচ্ছে।’

No comments