শিরোনাম

ভারতে বাবা বুল্লে শাহের মাজারে হামলা

চ্যানেল টেন ডেস্কঃ

ভারতের উত্তরাখণ্ডের মুসৌরিতে খ্যাতনামা সুফি কবি বাবা বুল্লে শাহের মাজার ভাঙচুর করেছে উগ্রবাদীরা। এই ঘটনায় মামলা করেছে পুলিশ। রোববার মুসৌরি কোতোয়ালি থানায় তিনজনের নামে এ মামলা নথিভুক্ত হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তি জড়িত থাকতে পারে।

পুলিশের করা এফআইআর অনুযায়ী, শনিবার গভীর রাতে উইনবার্গ অ্যালেন স্কুলের বালা হিসার এলাকার ভেতরে থাকা বাবা বুল্লে শাহের মাজারে হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, হারিওম, শিবায়ুন ও শ্রদ্ধা নামে তিনজন লোহার রড ও হাতুড়ি দিয়ে মাজারটি ভেঙে ফেলে। এ সময় মাজারে থাকা ধর্মীয় বইও নষ্ট করা হয়।

এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ১৯৬(১)(খ) ও ২৯৮ ধারায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ডেহরাদুনের এসএসপি অজয় সিং বলেন, মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মুসৌরি পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সার্কেল অফিসার মনোজ আসওয়াল বলেন, ‘গতকাল ২৪ তারিখে কিছু ব্যক্তি বাবা বুল্লে শাহের মাজারের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘অভিযোগের ভিত্তিতে প্রাসঙ্গিক আইনে মামলা করা হয়েছে। ঘটনায় জড়িতরা এখনো গ্রেপ্তার হয়নি। তিনজনের নাম এফআইআরে রয়েছে। ভিডিও ফুটেজ দেখে আরও যাদের শনাক্ত করা যাবে, তাদের নাম মামলায় যোগ করা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বাবা বুল্লে শাহ একজন সম্মানিত সুফি কবি। তার বিখ্যাত পঙক্তি হলো ‘না আমি হিন্দু, না তুর্ক পেশোয়ারি, না আমি আরবি, না লাহোরি, বুল্লা কি জানা আমি কে’।

No comments