শিরোনাম

নোয়াখালীতে জনসভায় অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

চ্যানেল টেন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি নোয়াখালী সফর করবেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান। তিনি জানান, ২৪ ও ২৫ জানুয়ারি তারেক রহমান চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় সফর করবেন, যার মধ্যে এক দিন নোয়াখালী রয়েছে। প্রাথমিকভাবে ২৫ জানুয়ারি নোয়াখালী সফরের সম্ভাবনা বেশি।

নোয়াখালী ভুলু স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যানের নিরাপত্তা বাহিনী মাঠ পরিদর্শন করেছেন। জেলা বিএনপির নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।

মো. শাহজাহান বলেন, “তারেক রহমানের আগমনকে ঘিরে নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সার্বিক আয়োজন এগিয়ে চলছে। জনসভায় নেতার বক্তব্য শোনার জন্য নোয়াখালীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। তারেক রহমান সিলেট থেকে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর হয়ে ঢাকায় ফিরবেন। ঢাকার বাইরে এটি তারেক রহমানের প্রথম সফর হবে।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টফি বলেন, “দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি উপস্থিতি তৃণমূল পর্যায়ে নতুন গতি ও আত্মবিশ্বাস সৃষ্টি করবে।” জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আরও বলেন, জনসভায় সর্বোচ্চ লোকসমাগম নিশ্চিত করার পাশাপাশি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, “২০০৩ সালের পর নোয়াখালীতে এটি হবে এত বড় মহাসমাবেশ। সফরটি ধানের শীষের প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” 

No comments