শিরোনাম

শীত নিবারণের আগুনেই প্রাণ গেল গৃহবধূর, দগ্ধ হয়ে মৃত্যু



চ্যানেল টেন ডেস্কঃ

গাইবান্ধার সাদুল্লাপুরে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে নাজমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট বার্ন ও প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রাণ হারান।

নাজমা বেগম (৪৮) সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের ওয়াহেদ আকন্দের স্ত্রী।

স্বজনদের বরাতে জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন নাজমা বেগম। এ সময় অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট বার্ন ও প্লাস্টিক সার্জারিতে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দামোদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখ ঘটনাটি নিশ্চিত করে বলেন, “আগুনে দগ্ধ হয়ে নাজমা বেগম মারা গেছেন।”

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, মৃতুর মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। 

No comments