পালানোর চেষ্টা ব্যর্থ: বিমানবন্দর থেকেই গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
চ্যানেল টেন ডেস্কঃ
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।
তিনি জানান, দেশ ছাড়ার চেষ্টাকালে ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে শাহিন শেখকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শাহিন শেখ আত্মগোপনে ছিলেন। তিনি ২০২২ সালের অক্টোবর মাসে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পুলিশ আরও জানায়, ‘চব্বিশের জুলাই আন্দোলন’ কেন্দ্রিক একাধিক মামলার পাশাপাশি একটি হত্যা মামলায়ও শাহিন শেখ জড়িত রয়েছেন। এসব মামলার সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, “ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশনে তাকে আটক করা হয়। একটি হত্যা মামলায় তিনি জড়িত থাকায় আইনানুগ প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
গ্রেপ্তারের পর শাহিন শেখকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
No comments