শিরোনাম

না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী জয়শ্রী কবির

চ্যানেল টেন ডেস্কঃ 

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ১২ জানুয়ারি লন্ডনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক পুত্রসন্তান রেখে গেছেন।

জয়শ্রী কবিরের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রখ্যাত নির্মাতা আলমগীর কবিরের ভাগ্নে জাভেদ মাহমুদ।

১৯৬৮ সালে ‘মিস ক্যালকাটা’ উপাধিতে ভূষিত হন জয়শ্রী কবির। প্রিয়া ফিল্মসের নিবেদনে সুনীল গঙ্গোপাধ্যায়ের মূল গল্প অবলম্বনে সত্যজিৎ রায়ের পরিচালিত একটি সিনেমার মাধ্যমে ১৯৭০-এর দশকে চলচ্চিত্রাঙ্গনে তার যাত্রা শুরু। পরবর্তীতে আলমগীর কবির পরিচালিত ‘সূর্যকন্যা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন।

আলমগীর কবির পরিচালিত চারটি চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিনয় করেন জয়শ্রী কবির। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—কলকাতার প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০), ঢাকার ‘সূর্যকন্যা’ (১৯৭৫), কলকাতার ‘অসাধারণ’ (১৯৭৬), ঢাকার ‘সীমানা পেরিয়ে’ (১৯৭৭), ‘রূপালী সৈকতে’ (১৯৭৯), ‘দেনা পাওনা’ (১৯৮১), ‘মোহনা’ (১৯৮২), ‘নালিশ’ (১৯৮২), ‘পুরস্কার’ (১৯৮৩) এবং ‘শহর থেকে দূরে’ (১৯৮৪)।

চলচ্চিত্র জীবন থেকে সরে গিয়ে জয়শ্রী কবির দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছিলেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।

No comments