শিরোনাম

বিএনপি প্রার্থীর ছেলের বিরুদ্ধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

চ্যানেল টেন ডেস্কঃ

রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের নতুনহাট মোড়ে এই মিছিল হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেয়ার আলটিমেটাম দেন জামায়াত নেতারা।

জামায়াত নেতাদের অভিযোগ, রোববার রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের মেনিপাড়া এলাকায় একটি প্রচার মিছিল যাওয়ার সময় বিপরীত দিক থেকে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের গাড়ি যাচ্ছিলো। এ সময় সাবেক এমপিপুত্র রুবাইত ইবনে হারুন রাফি গাড়ি থেকে কলার ধরে মারধর করে জামায়াত নেতা আজিজুল হক নুরকে। পরে জামায়াতের নেতাকর্মীরা এগিয়ে আসলে চলে যান হারুন ও তার ছেলে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল, সাবেক কাউন্সিলর ও পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুল হাই, হামলার শিকার ১১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আজিজুল হক নুরসহ জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশে ১১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আজিজুল হক নুর বলেন, আমাদের একটি নির্বাচনী প্রচার মিছিল চলছিল। এসময় উল্টো দিক থেকে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের গাড়ি দেখে নেতাকর্মীদের সঠিক দিক নির্দেশনা দিচ্ছিলাম যাতে গাড়িটি ঠিকভাবে যেতে পারে। এসময় হঠাৎ করেই গাড়ি থেকে নেমে গলা চেপে ধরে শূন্যে তুলে ধরে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের ছেলে রুবাইত ইবনে হারুন রাফি। এসময় নেতাকর্মীরা ছুটে আসলেও তাদেরকে শান্ত করি।

এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি বিএনপি প্রার্থী ও সাবেক এমপি হারুনুর রশীদ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, এনিয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


No comments