নারীসহ আটক বগুড়ার সেই বিএনপি নেতা বহিষ্কার
বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিপন আলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গত রোববার ২৫ জানুয়ারী বিকেলে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি রাতে শিপন আলী একই কক্ষে এক নারীর সঙ্গে আটক হন। এলাকাবাসীর নজরদারিতে ওই নারী সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের ঈশিতা বলে শনাক্ত হন, যিনি দীর্ঘদিন ধরে শিপন আলীর বাড়িতে যাতায়াত করছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর প্রাথমিকভাবে শিপন আলী বিয়ের বিষয়টি অস্বীকার করলেও পরে ঈশিতা দাবি করেন, গত ৫ সেপ্টেম্বর ৫ লাখ টাকা দেনমোহরে গোপনে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল। তবে সে সময় রেজিস্ট্রি কাবিননামা বা কাজির উপস্থিতি ছিল না বলে অভিযোগ করেন তিনি। ঈশিতার ভাষ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিষয়টি গোপন রাখা হয়েছিল।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শিপন আলী পুলিশের সহায়তা চান। খবর পেয়ে গাবতলী থানার এসআই মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গভীর রাতে নতুন করে ৭ লাখ টাকা দেনমোহরে কাজির মাধ্যমে ঈশিতার সঙ্গে বিবাহ সম্পন্ন করা হয়।
এ বিষয়ে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক বলেন, “দলের শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে অ্যাডভোকেট শিপন আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
No comments