তেলের জন্য প্রাণ গেল শ্রমিকের, জিপচাপায় মৃত্যু—গ্রেপ্তার সাবেক যুবদল নেতা
রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় দ্রুতগতির একটি জিপ গাড়ির চাপায় করিম ফিলিং স্টেশনের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় জেলা যুবদলের সাবেক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।নিহত শ্রমিকের নাম রিপন সাহা (৩০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় সংলগ্ন করিম ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফিলিং স্টেশনের কর্মচারীদের বরাতে জানা যায়, একটি জিপ গাড়ি পাম্পে এসে প্রায় ৫ হাজার টাকার জ্বালানি তেল নেয়। তেল নেওয়ার পর চালক টাকা পরিশোধ না করে দ্রুত গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় টাকা আদায়ের উদ্দেশ্যে রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিলে জিপটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।
ফিলিং স্টেশনের শ্রমিক জাকির হোসেন জানান, জিপ গাড়িটিতে তেল নিচ্ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন। তেল নেওয়ার পর টাকা না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে গাড়ি চালিয়ে চলে যাওয়ার সময় রিপন সাহাকে চাপা দেওয়া হয়।
পাম্পের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, জিপ গাড়িটি তেল নেওয়ার পর কোনো অর্থ পরিশোধ না করেই দ্রুতগতিতে পাম্প ত্যাগ করে। ফুটেজ অনুযায়ী, ওই গাড়িতে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন উপস্থিত ছিলেন।
আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলেই রিপন সাহার মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, “ঘটনার পর জিপ গাড়িটি আটক করা হয়েছে। গাড়ির চালক কামাল এবং গাড়ির মালিক জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
No comments