নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত
নাসা গ্রুপের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধে আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রুপটির সম্পত্তি উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা।
রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা’ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, আদালতের নিয়োগপ্রাপ্ত প্রশাসকের মাধ্যমে ইতোমধ্যে নাসা গ্রুপের শেয়ার বিক্রি করে শ্রমিকদের ৭৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নাসা গ্রুপ আটটি ব্যাংকের ডাউন পেমেন্ট সম্পন্ন করেছে।
তিনি আরও বলেন, অবশিষ্ট ১৫টি ব্যাংকের ডাউন পেমেন্ট এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের জন্য আদালতের নির্দেশনার আলোকে নাসা গ্রুপের কিছু সম্পত্তি উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে বিক্রি করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শকসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও নাসা গ্রুপের প্রশাসক, প্রতিষ্ঠানটির প্রতিনিধি এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সভায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কভুক্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম পরিস্থিতি, শ্রমিকদের পাওনা এবং সামগ্রিক ব্যবসায়িক অবস্থা পর্যালোচনা করা হয়।
No comments