প্রশিক্ষণে ভয়াবহ দুর্ঘটনা: পুলিশ সদস্যের বুকে ঢুকে পিঠ দিয়ে বেরোল গুলি
ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ সদস্য। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিটি তার বুকে লেগে পিঠ দিয়ে বের হয়ে যায় বলে জানা গেছে।
গুলিবিদ্ধ পুলিশ সদস্যের নাম মাসুম মিয়া। তিনি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বকুল মিয়ার ছেলে। পুলিশ সূত্র জানায়, তিনি পুলিশে যোগদানের পর প্রশিক্ষণরত ছিলেন।
ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় মাসুম মিয়াকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ রেফার্ড করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্রে ত্রুটি থাকার কারণে গুলি ভরার সময় ফায়ার হয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফায়ারিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাবশত তার বুকে গুলি লাগে।
পুলিশ হেডকোয়ার্টার্সের হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার উপপরিদর্শক (এসআই) তৌফিক উজ্জামান বলেন, পুলিশে যোগদানের পর প্রশিক্ষণরত অবস্থায় সোমবার সকালে অস্ত্র চালানোর প্রশিক্ষণের সময় মাসুম মিয়া গুলিবিদ্ধ হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, চলমান এই ফায়ারিং প্রশিক্ষণ শেষ করে আগামী ৩ ফেব্রুয়ারি মাসুম মিয়ার ট্রেনিং সেন্টার ত্যাগ করার কথা ছিল।
No comments