সিনিয়র নেতাদের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস, বগুড়ায় যুবদল নেতা বহিষ্কার
দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির অভিযোগে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
এর আগে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের কর্মকাণ্ডের দায়দায়িত্ব দল গ্রহণ করবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে বহিষ্কারের অভিযোগ অস্বীকার করেছেন রেজাউল করিম লাবু। তিনি বলেন, “কোন অভিযোগে বা কী কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে, সে বিষয়ে আমি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানি না।”
তিনি দাবি করেন, বিএনপি ও যুবদলের বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুপ্রবেশ নিয়ে তিনি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছিলেন। সে কারণেই হয়তো তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে তিনি ধারণা করছেন।
রেজাউল করিম লাবু আরও বলেন, নিজের অবস্থান স্পষ্ট করতে এবং অতীতে দলীয় আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা কী ছিল তা জনগণের সামনে তুলে ধরতে তিনি শিগগিরই সংবাদ সম্মেলন করবেন।
No comments