শিরোনাম

শাজাহানপুরে জামায়াত যুব সমাবেশে নির্বাচনী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের ডাক

 আবু ছাইম শাজাহানপুর প্রতিনিধিঃ

 ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় শাজাহানপুরের আল্লামা ফকির আব্দুর রহমান কমপ্লেক্সে এ সমাবেশের আয়োজন করা হয়। শাজাহানপুর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা কাওছার আলীর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা জামায়াত যুব বিভাগের সভাপতি হাফেজ মোখলেছুর রহমান মকুল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসন কমিটির পরিচালক মাওলানা আব্দুল হাকিম সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান, শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান এবং বগুড়া-৭ আসন কমিটির সদস্য সচিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, “আমাদের কিছু বন্ধু সংগঠন ক্ষমতায় যাওয়ার মোহে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, যা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল” তিনি আরও বলেন, “যুবসমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করে, তাহলে এ দেশে আল্লাহর দ্বীন কায়েমের পথ কেউ বন্ধ করতে পারবে না”

“জামায়াতে ইসলামী এ দেশে উড়ে এসে জুড়ে বসেনি। দীর্ঘদিন ধরে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং আগামীতেও এই সংগ্রাম অব্যাহত থাকবে” 

একই সঙ্গে তিনি নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। নির্বাচন প্রসঙ্গে গোলাম রব্বানী বলেন, “একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আমরা কারও রক্তচক্ষুকে ভয় করি না” 

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কোনো দলের পক্ষে কাজ করলে জনগণ তা মেনে নেবে না”সমাবেশে শাজাহানপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের জামায়াত যুব বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments