শিরোনাম

৭৮টি ঘুমের ওষুধ, তবু বেঁচে ফেরা—‘নাটক’ কটাক্ষের মুখে দেবলীনা নন্দী

 চ্যানেল টেন ডেস্কঃ

দাম্পত্য জীবনের টানাপোড়েন ও চরম মানসিক অবসাদের জেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী দেবলীনা নন্দী। ৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর থেকেই তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলে—এতগুলো ওষুধ খেয়েও কীভাবে একজন মানুষ বেঁচে থাকতে পারেন, নাকি পুরো ঘটনাই ‘নাটক’?

সব জল্পনা-কল্পনার জবাব দিতে বুধবার (১৫ জানুয়ারি) সকালে ফেসবুক লাইভে আসেন দেবলীনা নিজেই। লাইভে এসে তিনি নিজের ভুল স্বীকার করার পাশাপাশি কটাক্ষকারীদের কড়া ভাষায় জবাব দেন এবং জানান, আজ থেকেই তিনি আবার গানে ফিরছেন।

লাইভে দেবলীনা বলেন, “আমি যেটা করেছি, সেটা কোনোভাবেই ঠিক ছিল না। আমি তখন ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এক মুহূর্তের জন্য নিজেকে ভালোবাসতে ভুলে গিয়েছিলাম। হাসপাতালে শুয়ে একটাই কথা মাথায় ঘুরছিল—সবার আগে নিজেকে ভালোবাসতে হয়।”

আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়—এ কথাও স্পষ্ট করে বলেন তিনি। ভক্তদের উদ্দেশে দেবলীনা জানান, নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি সামনে এগোতে চান।

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার পরও বেঁচে যাওয়াকে কেন্দ্র করে ‘নাটক’ অভিযোগের জবাবে দেবলীনা বলেন,
“অনেকে লিখছেন—কেন মৃত্যু হলো না! আমরা যে সংখ্যাটা বলেছি, সেটা ডাক্তাররা নিজেরা পরীক্ষা করে প্রেসক্রিপশনে লিখেছেন। আমি কোনো নাটক করিনি।”

সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “সেদিন রাতে আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে গাড়ি থেকে নামানো যাচ্ছিল না। হাসপাতালের চিকিৎসকদের দ্রুত পদক্ষেপেই আমি প্রাণে বেঁচে যাই।”

দেবলীনার বিশ্বাস, মানুষের প্রার্থনা ও ভগবানের ইচ্ছাতেই তিনি নতুন জীবন পেয়েছেন। তার ভাষায়, “হয়তো ভগবান চেয়েছেন আমি গানের জন্য বেঁচে থাকি। গান নিয়ে হয়তো এখনও অনেক কিছু করার বাকি।”

সংসারজীবনের টানাপোড়েন ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রচার—সবকিছুকে একপাশে রেখে আজ ১৫ জানুয়ারি থেকেই আবার মঞ্চে ফিরছেন দেবলীনা নন্দী। তাকে নিয়ে ট্রোল করে ভিডিও বানানো ও ভিউ বাড়ানোর উদ্দেশ্যে সমালোচনাকারীদের উদ্দেশে তার সাফ বার্তা,
“আমার নেগেটিভ পাবলিসিটি ভালো লাগে না। ধীরে ধীরে সবাই সব জানতে পারবেন।”

No comments