শিরোনাম

পরীমণিকে নিয়ে প্রশ্ন তুললেন আসিফ আকবর, তুমি আমাদের মুক্তি দেবে কবে?

 চ্যানেল টেন ডেস্কঃ

বিনোদন অঙ্গন তো বটেই, নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নতুন নতুন গান উপহারের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। সে কারণেই বর্তমান সময়ে প্রায়ই আলোচনায় আসেন বাংলা গানের এই ‘যুবরাজ’। এবার দেশের শোবিজ তারকাদের উদ্দেশে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিলেন আসিফ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে অংশ নেন আসিফ আকবর। সেখানে উপস্থাপক জানতে চান—দেশের তারকাদের সামনে পেলে আসিফ কী প্রশ্ন রাখতে চান। এ সময় নগরবাউল জেমস, মেগাস্টার শাকিব খান ও অভিনেত্রী পরীমণিসহ একাধিক তারকার নাম উঠে আসে।

মেগাস্টার শাকিব খানকে নিয়ে আসিফের প্রশ্ন ছিল কণ্ঠ ও প্লেব্যাক প্রসঙ্গে। শাকিবের ডায়ালগ ও গানের কণ্ঠের পার্থক্য তুলে ধরে আসিফ বলেন, ডায়ালগ দেওয়ার সময় শাকিবের কণ্ঠ একরকম শোনালেও গানের সময় হঠাৎ গলা চিকন হয়ে যায়, যা কিছুটা মেয়েলি শোনায়। যেখানে একসময় কিংবদন্তি কণ্ঠশিল্পীরা তার সিনেমায় গান গেয়েছেন, সেখানে বর্তমানে যাদের সঙ্গে তিনি কাজ করছেন, সেই টোন ঠিকভাবে মানা হচ্ছে কি না—তা নিয়েও প্রশ্ন তোলেন আসিফ।

অর্থাৎ, আসিফ বোঝাতে চেয়েছেন—প্লেব্যাক শিল্পীদের জন্য একটি নির্দিষ্ট ব্যাকরণ রয়েছে, যা মানা জরুরি।

নগরবাউল জেমসকে নিয়েও সরাসরি প্রশ্ন রাখেন আসিফ আকবর। তার ভাষায়, “আপনি দেশের একজন বড় শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন, সামাজিক সংকট কিংবা শিল্পীদের সমস্যায় আপনাকে সক্রিয়ভাবে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করলেও শিল্পীদের অধিকার বা দেশের সংকট নিয়ে কথা বলেন না। এর পেছনের কারণটা জানতে চাই।”

অভিনেত্রী পরীমণিকে নিয়েও নিজের ভাবনার কথা জানান আসিফ। তিনি বলেন, “পরীমণিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। আমি তাকে প্রশ্ন করতে চাই—তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটা আমাকে বলো।”

আসিফের এমন খোলামেলা ও প্রশ্নবাণে ভরা মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার স্পষ্টভাষিতার প্রশংসা করছেন, আবার কেউ কেউ বলছেন—তারকাদের নিয়ে এমন প্রকাশ্য প্রশ্ন নতুন বিতর্ক উসকে দিতে পারে।

No comments