বাগানে ফেলে রাখা ব্যাগে বোমা! বিস্ফোরণে চতুর্থ শ্রেণির স্কুলছাত্র আহত
চ্যানেল টেন ডেস্কঃ
নড়াইলের কালিয়া উপজেলায় বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ছোটো কালিয়া এলাকায় ঘটে।
আহত আলিফ মোল্লা নড়াগাতী উপজেলার জয়নগর গ্রামের প্রবাসী রাচ্চু মোল্লার ছেলে। সে ছোটো কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং পরিবারটি স্থানীয় ভাড়া বাসায় থাকে। গুরুতর অবস্থায় আলিফকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত আলিফের মা, সাথী বেগম জানান, বাসার পাশে রানু বেগমের বাড়িতে কে বা কারা একটি ব্যাগ রেখে যায়। পরে তারা ব্যাগটি বাগানে ফেলে দেন। কৌতূহলবশত আলিফ বাগানে গিয়ে ব্যাগটি দেখতে পান। ব্যাগের ভেতরে থাকা বোমা সাদৃশ্য বস্তুটি হাতে নেন। কিছুক্ষণ পর গরম অনুভব হওয়ায় আলিফ সেটি ছুড়ে ফেলে, সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্ফোরিত বোমা সাদৃশ্য বস্তুটির কিছু অংশ জব্দ করা হয়েছে। পরীক্ষা শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।”
No comments