নির্বাচনী প্রচারণায় রক্তপাত: জামায়াত কর্মীকে ছুরিকাঘাত ও হাতুড়িপেটা
ফরিদপুরের নগরকান্দায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সমর্থিত এক কর্মীকে ছুরিকাঘাত এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জানুয়ারি) রাতে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি আলমগীর হোসেন জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ অনুযায়ী, একই এলাকার মিলন শেখ ও রাশেদ মোল্লা প্রথমে তাকে ছুরি দিয়ে কুপিয়ে, পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আলমগীর হোসেনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আলমগীর ও তার ভাই জাহাঙ্গীর হোসেন জানান, ফরিদপুর-২ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আকরাম আলীর ‘রিকশা’ প্রতীকের পক্ষে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে মিলন ও রাশেদ অতর্কিতভাবে হামলা চালায়।
ঘটনার বিষয়ে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আকরাম আলী বলেন, “আমরা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে আমাদের কর্মীর ওপর হামলা করা হয়েছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
অপরদিকে, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনাটি সম্পূর্ণ সাজানো। বিএনপির জনপ্রিয়তা ও জনসমর্থনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এ ধরনের নাটক সাজানো হয়েছে।”
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
No comments