শিরোনাম

ছাত্রদল নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫

চ্যানেল টেন ডেস্ক ঃ
 নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় ছাত্রদলের এক নেতার বাবার পরিত্যক্ত বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচর এলাকার কাশেম আলীর পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

কাশেম আলীর ছেলে মোবারক হোসেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব।

উদ্ধার অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল ও ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, পাঁচটি শটগানের কার্তুজ, ৮টি ককটেল, ৩৮৮টি রামদা, সাতটি চাপাতি, একটি বড় ছোরা, ৬টি ছোট ছোরা, ১৩টি দা, দুটি কুড়াল, ছয়টি হকিস্টিক, ডাকাতির কাজে ব্যবহৃত বড় টর্চলাইট, একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র এবং নগদ ১০ লাখ ১৫ হাজার ৮০০ টাকা।

আটক পাঁচজন হলেন- মোহাম্মদ স্বপন, পারভেজ, মতিন, জাকির ও রিংকু মিয়া।

পুলিশ সূত্রে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর, মধ্যারচর ও কদমীরচরসহ একাধিক এলাকা ঘিরে ফেলা হয়।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালান।

পরে কাশেম আলীর বাড়ি থেকে পুলিশের খোয়া যাওয়া একটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। একইসঙ্গে পাঁচ জনকে আটক করা হয়েছে।

No comments