নীলফামারীতে পারিবারিক বিরোধের জেরে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় জামাতার গাড়িচাপায় শ্বশুর নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক আর আতঙ্কের ছায়া।
জুমার নামাজের আগমুহূর্তে পারিবারিক বিষয় নিয়ে জামাতা আবু তাহেরের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের মনোমালিন্য চরমে পৌঁছায়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আবু তাহের দ্রুত শ্বশুরবাড়ির উঠান থেকে নিজের চালানো প্রাইভেটকার নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন তার শ্বশুর এনতাজুল (৬৫)। মুহূর্তের মধ্যে গাড়িটি সামনে এগিয়ে দিলে গুরুতর আহত হন তিনি এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের মরদেহ বাড়ির সামনে স্থানীয় মসজিদে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত জামাতা আবু তাহেরকে আটক করে। স্থানীয়দের ভাষ্যমতে, কয়েকদিন আগেই নতুন করে গাড়িটি কিনেছিলেন তিনি।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িচাপায় মৃত্যুর ঘটনায় মরদেহ উদ্ধারসহ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একটি পারিবারিক বিরোধ মুহূর্তেই যে কীভাবে চরম ট্র্যাজেডিতে রূপ নিতে পারে—এই ঘটনা তারই নির্মম উদাহরণ। শোকাহত পরিবার ও এলাকাবাসীর মাঝে এখন শুধু কান্না আর স্তব্ধতা।
No comments