শিরোনাম

বগুড়ায় সাংবাদিক ও ডিবি পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়, ২ যুবদল নেতাসহ গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় সাংবাদিক ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক সরকারি কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় ২ যুবদল নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন বগুড়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক, সঞ্জয় সরকার (৩০), সঞ্জয় সরকার বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিনপাড়া এলাকার লাল মিয়ার ছেলে। গ্রেফতার হওয়া আরেক যুবদল নেতা হলেন, শহরের ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার ডাবলু মিয়ার ছেলে আশারাফুল ইসলাম (৪২), আশরাফুল ইসলাম বগুড়া শহর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক। অপর আসামী হলেন, শহরের বৃন্দাবন পশ্চিম পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহিন হোসেন (৩৪)। 

 তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি'র) ইনচার্জ ইকবাল বাহার।

ভুক্তভোগী সরকারি কর্মকর্তা সারিয়াকান্দি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৬)। এ ঘটনায় তার স্ত্রী মোছাঃ আনজু মান আরা বাদী হয়ে বগুড়া সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীর আলম বিপ্লব প্রতিদিনের মতো পৌরসভা অফিসে যান। বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার ইয়াসির আরাফাতের ডাকে সারিয়াকান্দি উপজেলার কুঠিবাড়ী রোডের একটি উন্নয়নকাজ পরিদর্শনে যান তিনি। 

কাজ শেষে দুপুরের খাবারের জন্য যাওয়ার পথে সারিয়াকান্দি থানাধীন কুঠিবাড়ী মোড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা ৪ জন ব্যক্তি তার পথরোধ করে।

অভিযুক্তরা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা আছে দাবি করে জোরপূর্বক মোটরসাইকেলসহ তাকে অপহরণ করে বগুড়া শহরের দিকে নিয়ে যায়। পরে তাকে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করে প্রথমে ১ লাখ ৬০ হাজার টাকা এবং পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা পরিশোধ করেন। মোট ২ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের পর অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পূর্বে ঠিকাদারি কাজের তদারকি নিয়ে বিরোধের জেরে তাকে বিভিন্ন সময় সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ভয়ভীতি ও চাঁদা দাবি করা হতো। ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবেই তাকে ফাঁদে ফেলে অপহরণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শুরু করে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ৩ জনের মধ্যে যুবদলের দুইজন নেতা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার বলেন,“অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় আমরা দ্রুত তদন্ত করে ৩ জনকে গ্রেফতার করেছি। তারা সংঘবদ্ধভাবে ভুয়া সাংবাদিক ও ডিবি পরিচয় দিয়ে অপরাধটি সংঘটিত করেছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।”

No comments