শিরোনাম

ধুনটে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে ভাইদের জমি দখল ও হামলার অভিযোগ

 



ধুনটে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে ভাইদের জমি দখল ও হামলার অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় নিজ ভাইদের পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট উপজেলার বেলকুচি গ্রামের বাসিন্দা এ. এইচ. এম. মাহবুবুর রহমানের পৈতৃক সম্পত্তি ওয়ারিশ সূত্রে বণ্টন হয়। অভিযোগে বলা হয়, ওই সম্পত্তির একটি বড় অংশ দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভোগদখলে রাখেন তার ভাই রফিকুল ইসলাম শাহীন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আদালতের নির্দেশনা ও স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠকের মাধ্যমে জমির অংশ নির্ধারিত হলেও প্রভাব খাটিয়ে রফিকুল ইসলাম শাহীন ভাইদের প্রাপ্য জমি দখলে রাখেন। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার নিজ অংশের জমিতে বসতঘর নির্মাণ শুরু করলে এতে বাধা দেওয়া হয়।

ঘটনার দিন ১৫ ডিসেম্বর ২০২৫ দুপুরে নির্মাণকাজ চলাকালে রফিকুল ইসলাম শাহীন, তার স্ত্রী পলাশী সহ কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ অনুযায়ী, তারা নির্মাণকাজ বন্ধে চাপ সৃষ্টি করেন এবং একপর্যায়ে কোদাল দিয়ে আঘাতের চেষ্টা করেন। এ সময় ছোট ভাই ডা. এ. এইচ. এম. জামাল (রতন)-কে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রফিকুল ইসলাম শাহীনের বড় ভাই এ. এইচ. এম. মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করে বলেন,

রফিকুল ইসলাম শাহীন দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার নামে চাঁদাবাজি, প্রতারণা ও মানব পাচারের অভিযোগ রয়েছে। তার ভয়ে আমরা গ্রামের বাড়িতে যেতে পারি না। সে আমাদের পৈতৃক বাড়ি দখল করে রেখেছে এবং কাউকে সেখানে যেতে দিচ্ছে না।

তিনি আরও বলেন,

এর আগেও আমাদের ছোট ভাই অ্যাডভোকেট রাজ্জাকুল কবির বিদ্যুৎ ও তার পরিবারের ওপর দীর্ঘদিন ধরে হামলা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমরা পেশাগত কারণে ঢাকায় বসবাস করি। বাবা-মা ওয়ারিশ সূত্রে আমাদের সম্পত্তি লিখে দিলেও নিজের প্রাপ্য অংশ দাবি করলেই শাহীন হুমকি ও ভয়ভীতি দেখায়। সম্প্রতি বাড়ি নির্মাণ করতে গেলে আমাদের হত্যার চেষ্টা করা হয়।

ভুক্তভোগী পরিবার অভিযোগে জানায়, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভবিষ্যতে প্রাণহানির আশঙ্কা করছেন। তারা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম  বলেন,

লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


No comments