শিরোনাম

শ্রদ্ধা ও উৎসব মূখরে শাজাহানপুরে পালিত হলো বিজয় দিবস



শ্রদ্ধা ও উৎসব মূখরে শাজাহানপুরে পালিত হলো বিজয় দিবস
চ্যানেল টেন ডেস্ক ঃ

বগুড়ার শাজাহানপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা ও উৎসবমূখরে পালিত হলো বিজয় দিবস–২০২৫, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলা স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাইফুর রহমানের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, থানা প্রশাসন, প্রেসক্লাব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, শিক্ষার্থীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা এবং মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বিজয় দিবসের এসব কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


No comments