শিরোনাম

সুদানের গৃহযুদ্ধে ভাড়াটে সেনা পাঠাচ্ছে আমিরাত, বেরোল চাঞ্চল্যকর তথ্য


চ্যানেল টেন ডেস্কঃ

সুদানের গৃহযুদ্ধে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হয়ে লড়াই করতে ভাড়াটে সেনা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘের তদন্তকারীদের একটি গোপন প্রতিবেদনে এ বিষয়ে অকাট্য প্রমাণ পাওয়ার দাবি করা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের হাতে আসা ওই প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা প্রতিষ্ঠান গ্লোবাল সিকিউরিটি সার্ভিসেস গ্রুপ (জিএসএসজি) কলম্বীয় ভাড়াটে সেনাদের লিবিয়া, সোমালিয়া ও চাদ হয়ে সুদানে পাঠিয়েছে। এসব দেশে আমিরাতের ঘনিষ্ঠ মিত্রদের প্রভাব ও নিয়ন্ত্রণ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের বসাসো শহরে অবস্থিত পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্সের (পিএমপিএফ) ঘাঁটি কলম্বীয় সেনাদের যাতায়াত ও প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। আমিরাতের সামরিক বাহিনী ওই বাহিনীকে অর্থায়ন, প্রশিক্ষণ ও তদারকি করেছে।


জাতিসংঘের তদন্তকারীদের দাবি, আমিরাতের আবুধাবি, ঘায়াথি ও আল-ওয়াথবাহ এবং সোমালিয়ার বসাসো ঘাঁটিতে এসব ভাড়াটে সেনাকে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে তাদের সুদানে মোতায়েন করা হয়।

সুদানের দারফুর অঞ্চলে আরএসএফের সামরিক অভিযানে এসব সেনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে উত্তর দারফুরের রাজধানী এল-ফাশের অবরোধ ও দখলের অভিযানে তারা অংশ নেন। ড্রোন পরিচালনা, গোলন্দাজ সহায়তা ও পদাতিক বাহিনীর সঙ্গে যুদ্ধ করার দায়িত্ব পালন করেন তারা।

গত বছরের অক্টোবরে ৫০০ দিনের বেশি অবরোধের পর এল-ফাশের দখল করে আরএসএফ। ওই অভিযানের সময় বাহিনীটির বিরুদ্ধে বেসামরিক মানুষকে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠে।

No comments