শিরোনাম

মেয়েকে স্কুলে নেওয়ার পথে প্রাণ গেল বাবার, মৃত্যুর ঘটনায় বিক্ষোভ


চ্যানেল টেন ডেস্কঃ

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সৈয়দপুরের ওয়াপদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে বাবার নিথর মরদেহের পাশে পড়ে ছিল মেয়ের একটি বই।

নিহত আরিফ হোসেন সৈয়দপুর উপজেলার ঢেলাপীর বাশেরহাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ হোসেনের মেয়ে সুপ্তি শহরের গোলাহাট নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আজ দুপুরের দিকে আরিফ মেয়েকে নিয়ে তার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে স্কুলের দিকে নিয়ে যাচ্ছিলেন। এসময়ে ওয়াপদা মোড় এলাকায় পৌঁছালে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে আরিফ হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা তার মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনার পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময়ে তারা সড়কে ব্যানার, ফেস্টুন পুড়িয়ে আগুন জ্বালিয়ে দেন। এতে সড়কে প্রায় ৪ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে । পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন এনপিবিকে বলেন, এখানে বেপরোয়া ভাবে যানবাহন চলাচল করে। আমরা বিক্ষোভ করছি এখানে যান চলাচল করার জন্য নিদিষ্ট লাইন করা হোক সেইসঙ্গে ট্রাফিক বক্স নির্মাণ করার দাবি জানাচ্ছি।

আরেক বাসিন্দা রবিউল ইসলাম এনপিবিকে বলেন, এ মোড়টি আমাদের বাস টার্মিনাল না কিন্তু এখানে এসে বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

No comments