শিরোনাম

আ.লীগ সন্দেহে ধাওয়া, মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ছাত্রদল কর্মী


চ্যানেল টেন ডেস্ক :

ময়মনসিংহের গফরগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহত করার কর্মসূচি পালনকালে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আজিম সরকার (১৭) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই ছাত্রদল কর্মীসহ চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিম সরকার উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের শহীদ সরকারের ছেলে। তিনি গফরগাঁও সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আজিম ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার চাচাতো ভাই আজমল হুদা উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক।

আহতরা হলেন উপজেলার চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের ছাত্রদল কর্মী রিফাত (২৮) ও পাভেল (২২) এবং নান্দাইল উপজেলার চর ভেলামারী গ্রামের প্রাইভেটকারের যাত্রী আলমগীর (২৬) ও তার স্ত্রী লিমা (২৪)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধে বৃহস্পতিবার রাতে উপজেলার প্রবেশমুখ শিবগঞ্জ বাজারে পাহারা বসান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। রাত সাড়ে ৩টার দিকে একটি প্রাইভেটকার ওই পথ দিয়ে যাওয়ার সময় আজিম সরকারসহ কয়েকজন নেতাকর্মী গাড়িটি থামিয়ে তল্লাশির সংকেত দেন। এ সময় চালক ভয়ে গাড়ির গতি বাড়িয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন।

প্রাইভেটকারে আওয়ামী লীগের কোনো নেতা থাকতে পারেন—এমন সন্দেহে আজিমসহ কয়েকজন ছাত্রদল কর্মী একটি মোটরসাইকেলে করে গাড়িটির পিছু নেন। প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার ধাওয়া করার পর পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িটির গতিরোধের চেষ্টা করেন তারা। এ সময় মোটরসাইকেলটি প্রাইভেটকারের সামনে গিয়ে ব্রেক করলে দুই যানের মধ্যে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলচালক আজিম সরকার, আরোহী রিফাত ও পাভেল এবং প্রাইভেটকারের যাত্রী আলমগীর ও তার স্ত্রী লিমা আহত হন। স্থানীয়রা আজিমকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত ছাত্রদল কর্মী রিফাত ও পাভেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আলমগীর ও লিমাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লাবিবা হক বলেন, আজিম সরকারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহত করার কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পাহারা বসিয়েছিলেন। এ সময় একটি প্রাইভেটকার থামাতে বলা হলে চালক ভয়ে দ্রুত চলে যান। পরে গাড়িটির পিছু নিলে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আজিম সরকার নিহত হন।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে গেছেন।


No comments