গাজীপুর-সাভারের ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা
চ্যানেল টেন ডেস্ক : তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়া ও সাভারে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে প্রায় ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষের আশঙ্কায় শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
সন্ধ্যা সোয়া ৬টার সময় কালবেলাকে তিনি বলেন, সাভার-আশুলিয়ায় দিনের বিভিন্ন সময় ১৭৭ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এর আগে, সাভারে সকালে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকলেও পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করেন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে আশুলিয়ার নরসিংহপুরসহ আশপাশের শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

No comments