শিরোনাম

ঈশ্বরদীতে গোলাগুলি-অগ্নিসংযোগ, গুলিবিদ্ধসহ আহত ৮


চ্যানেল টেন ডেস্ক :

পাবনার ঈশ্বরদীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। এ ছাড়া কয়েকটি বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ও মহিদুল ইসলাম। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও নদীপথের আলোচিত ব্যক্তি কাঁকন বাহিনীর মধ্যে বিরোধ চলছিল। এ ছাড়া জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরও বিরোধ ছিল। এসব দ্বন্দ্বের জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, সন্ধ্যায় তাঁরা ওই এলাকায় আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কাঁকন বাহিনীর সদস্য ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এতে তাঁদের কয়েকজন গুলিবিদ্ধ হন।

অন্যদিকে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের দাবি, জাকারিয়া পিন্টুর সমর্থকেরা পূর্বপরিকল্পিতভাবে এসে এলাকার লোকজনের ওপর হামলা ও গুলি চালিয়েছেন। এ সময় তাঁরা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাকসহ দলটির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করেন

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments