বগুড়ায় পাগলা কুকুরের তাণ্ডব, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক
চ্যানেল টেন ডেস্কঃ
বগুড়ার শেরপুর উপজেলায় একটি কুকুরের আক্রমণে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার (৬ নভেম্বর) বিকেল পর্যন্ত উপজেলার একাধিক এলাকায় কুকুরটির কামড়ে এসব মানুষ আহত হন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাগড়া কলোনি, কেল্লা, টুনিপাড়া ও হাপুনিয়া এলাকায় কুকুরটি হঠাৎ বেপরোয়া হয়ে ওঠে। রাস্তাঘাটে যাকে সামনে পেয়েছে, তার ওপরই হামলে পড়ে। এতে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা আক্রান্ত হন।
কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যান। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, সেখানে ২৬ জন চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে স্থানীয়দের দাবি, সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা অর্ধশতাধিক। বাকিদের অনেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, জলাতঙ্কের টিকা পাওয়া নিয়ে উদ্বেগ এবং হাসপাতালের দূরত্বের কারণে অনেক আহতকে স্বজনেরা বগুড়া শহরে নিয়ে যান। কুকুরটির আক্রমণের পর থেকে এলাকাগুলোতে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকেরা। নিরাপত্তার কথা ভেবে অনেকেই শিশুদের বাড়ির বাইরে যেতে দিচ্ছেন না।
এলাকাবাসীর অভিযোগ, বেওয়ারিশ ও আক্রমণাত্মক কুকুরের বিচরণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম জানান, কুকুরের কামড়ে আহত ২৬ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়েছে। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।

No comments