শিরোনাম

ছাত্রদলের কর্মসূচিতে ডেকে নিয়ে অপমান-লাঞ্ছনা আহ্বায়ক আকিবের বিরুদ্ধে মারধরের অভিযোগ


বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় সদর উপজেলা ছাত্রদলের একটি কর্মসূচিতে ডেকে নিয়ে এক ছাত্রদলকর্মীকে মারধর, চশমা ভাঙচুর ও শার্ট ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকিবের বিরুদ্ধে। 

জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধানের আমন্ত্রণে কর্মসূচিতে যোগ দিতে গিয়ে এমন ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মাশরুর ইসলাম তিনি শহর ছত্রদলের সদস্য।

ভুক্তভোগীর অভিযোগ, মাটিডালী এলাকায় সদর উপজেলা ছাত্রদলের ওই কর্মসূচিতে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধানের ডাকে তিনি উপস্থিত হন। একপর্যায়ে সন্ধান একটি কাজে বাইরে গেলে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকিব তাকে ডেকে নিয়ে এলাকার রাজনীতি ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে অকথ্য ভাষায় কথা বলেন। এমনকি তার বাবার রাজনৈতিক অবস্থান নিয়েও কটূক্তি করেন।

ভুক্তভোগী জানান, তিনি বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতি সন্ধানকে জানাতে বললে আকিব ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তাকে মারধর করা হয়। এতে তার চশমা ভেঙে যায় এবং পরনের শার্ট ছিঁড়ে যায়। এ সময় সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমদাদুল তাকে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের মন্তব্যকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত বলে দাবি করেন ভুক্তভোগী। তার ভাষ্য, লিসান নামের এক নেতার পোস্টে মন্তব্য করতে গিয়ে তিনি লিখেছিলেন, ‘ভাই, আপনাকে ছাড়া সদর উপজেলা ছাত্রদল মানায় না।’ এই মন্তব্যের জেরেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকিব বলেন, ওই যুবক আগে ছাত্রলীগ করতেন এবং এ বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে। ছাত্রদলের কমিটি গঠনের সময় কেন্দ্রীয় নেতাদের কাছেও তার বিরুদ্ধে তথ্য ও ছবি দেখানো হয়েছিল বলে দাবি করেন তিনি। পরে ওই যুবক শহর শাখায় যুক্ত হন এবং সদর উপজেলা ছাত্রদল নিয়ে বিভিন্ন উসকানিমূলক কথা বলতেন বলেও অভিযোগ করেন আকিব।

ঘটনার দিন নিজের ভাষায় মশক নিধন কর্মসূচিতে ওই যুবক উপস্থিত হয়ে পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ নিয়ে তার কর্মীদের সঙ্গে প্রথমে কথাকাটাকাটি হয়, পরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানান তিনি। মারধরের অভিযোগ অস্বীকার করে আকিব বলেন, ‘মারধর না, এই ধস্তাধস্তি। মারধরের ওই রকম তো কিছু হয় নাই।’

এদিকে, এ ঘটনার পর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক আকিবকে শোকজ করেছেন বলে ফোনালাপে নিশ্চিত করেন তিনি। শোকজের বিষয়টি দেখেছেন বলেও জানান আকিব।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী বলেন, রাজনৈতিক মতপার্থক্য কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের কারণে একজন নেতাকর্মীর ওপর এমন হামলা কোনোভাবেই কাম্য নয়।

No comments