শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
চ্যানেল টেন ডেস্কঃ
ময়মনসিংহের ভালুকায় পাঁচ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোহাম্মদ আলী নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর চৌরাস্তা এলাকায় মাদরাসাতুত ত্বাকওয়া বালক-বালিকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলী বাগেরহাটের কচুয়া এলাকার বাসিন্দা। সে ওই মাদরাসার বাংলা বিভাগের শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ওই মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। চলতি মাসের ২ নভেম্বর সকালে ক্লাসের পড়া দিতে গেলে শিক্ষক মোহাম্মদ আলী ওই শিক্ষার্থীকে খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন করেন এবং মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে অনৈতিক সম্পর্কের চেষ্টা করেন।
এরপর শিক্ষার্থী তার পরিবার কাছে গিয়ে বিস্তারিত বলে। একপর্যায়ে জানাজানি হলে এলাকার লোকজন মোহাম্মদ আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনার পর ওই মাদরাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক হালুয়া, তন্ত্রমন্ত্রের বই, জাদুকরী বই, শতাধিক গ্রাহকের মন্ত্র লেখা ছবি ও তাবিজসহ বিপুল পরিমাণ কবিরাজি সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, মাদরাসাতুত ত্বাকওয়া বালক-বালিকা নামমাত্র শিক্ষাপাঠদানের আড়ালে বিভিন্ন ভুক্তভোগীদের এনে কবিরাজি চিকিৎসা ও বিভিন্ন অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিল।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটির নিরাপত্তা, চিকিৎসা ও মানসিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

No comments