শিরোনাম

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু


চ্যানেল টেন ডেস্ক :

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় একই পরিবারের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানিয়া সুলতানা। এ নিয়ে ওই দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হলো।

সোমবার সকাল ৭টার দিকে তানিয়া সুলতানার মৃত্যু হয়। তিনি দুর্ঘটনায় নিহত মো. রুবেলের স্ত্রী। এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হন।

নিহত অন্য চারজন হলেন কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তাঁর বোন কাসফিয়া (২০), কাসফিয়ার ১৮ মাস বয়সী শিশুকন্যা এবং রুবেলের ছয় মাস বয়সী শিশুকন্যা মাশরুফা।

নিহতদের স্বজনরা জানান, দুর্ঘটনার দিন তাঁরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। পথে কাটিরমাথা রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই কাসফিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অন্যদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। আহত তানিয়া সুলতানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা তানিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ে পুলিশের কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ জানান, এ দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি অরক্ষিত। সেখানে কোনো গেট বা গেটম্যান নেই। পাশাপাশি সড়কের দুই পাশে বড় বড় গাছ থাকায় ট্রেন আসার বিষয়টি চালকদের পক্ষে সহজে দেখা সম্ভব হয় না।

স্থানীয়দের আশঙ্কা, রেলক্রসিংয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা না হলে ভবিষ্যতেও এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

একই পরিবারের পাঁচ সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।

No comments