গরু জবাই করে পোলিং এজেন্টদের খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছেন ওই আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। পোলিং এজেন্টদের সম্মান জানাতে মতবিনিময় সভার পাশাপাশি মধ্যাহ্নভোজের আয়োজন করেন তিনি। দুটি বড় গরু জবাই করে রান্না করা পোলাও-মাংস দিয়ে কয়েক দফায় আপ্যায়িত করা হয় তৃণমূলের এই কর্মীদের।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল পৌর উদ্যানে সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টরা অংশ নেন। সভা শেষে তাদের সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভায় পোলিং এজেন্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমার নির্বাচনে ভোটের দিন যাদের ওপর সব দায়িত্ব দিয়ে নির্ভর করেছি, বিশ্বাস করেছি, তারা হচ্ছেন আপনারা। আপনারা সর্বোচ্চ বিশ্বস্ততার সঙ্গে সকাল থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, আমি চিন্তা করেছি, যারা ভোটের দিন আমার জন্য দায়িত্ব পালন করেছেন, তাদের সঙ্গে দেখা হবে না, সাক্ষাৎ হবে না, মতবিনিময় হবে না- এটা হতে পারে না। সেজন্য উদ্যোগ নিয়ে এ আয়োজন করেছি।
পোলিং এজেন্টদের ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা যেভাবে আমার জন্য কাজ করেছেন, মানুষের কাছে ভোট চেয়েছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষ আপনাদের কথা বিশ্বাস করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের সেই প্রত্যাশা আমি পূরণ করব, ইনশাআল্লাহ। আপনাদের ফোন নম্বর আমি ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি। আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হবে, কথা বলব। আপনারাই হচ্ছেন বিএনপির মূল প্রাণ।

No comments